ইসরায়েল সিরিয়ায় সামরিক হামলা চালিয়ে যে বিপজ্জনক দুঃসাহস দেখাচ্ছে তাতে গোটা মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ এ হুঁশিয়ারি দিয়েছেন।



সুইডিশ জেইতুং পত্রিকাকে গতকাল বুধবার দেয়া সাক্ষাৎকারে তিনি এমন কথা বলেন বলে খবর দিয়েছে দেশটির গণমাধ্যম পার্সটুডে।
জাভেদ জারিফ বলেন, ‘ইসরায়েলের পক্ষ থেকে দুঃসাহস দেখানো হচ্ছে এবং দুঃসাহস সব সময় বিপজ্জনক।’
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সিরিয়া সরকারের আমন্ত্রণে ইরান সেখানে সামিরক উপদেষ্টা পাঠিয়েছে, কিন্তু ইহুদিবাদী ইসরায়েল মাঝে-মধ্যেই লেবানন ও সিরিয়ার আকাশসীমা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।
ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাতের বিষয়ে জানতে চাইলে জারিফ বলেন, ‘আমি মনে করি না এটা হতে যাচ্ছে, তবে আমরা সম্ভাবনা একদম নাকচও করছি না।’
এর আগে জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে জারিফ বলেন, ইসরায়েল যুদ্ধ শুরুর চেষ্টা করছে এবং ইসরায়েল ও আমেরিকার তৎপরতার কারণে মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের আশঙ্কা জোরদার হচ্ছে।
ইরানে হামলা করলে তা আত্মঘাতী হবে বলেও উল্লেখ করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।